🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » ৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

৫ আগস্ট-পরবর্তী মামলাগুলো যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধসংক্রান্ত মামলাগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ বিষয়ে জেলা প্রশাসকদের (ডিসি) কাছে জেলাভিত্তিক মামলার তালিকা চেয়ে তা দ্রুত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনের তৃতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে বৈষম্যবিরোধী আন্দোলন ঘিরে বেশ কিছু গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের মামলা হয়েছে। এসব মামলার প্রকৃত চিত্র জানতে তালিকা চাওয়া হয়েছে।

তিনি উল্লেখ করেন, অনেক মামলায় অসংখ্য ব্যক্তিকে আসামি করা হয়েছে। যাচাই-বাছাইয়ের মাধ্যমে প্রকৃত আসামিদের শনাক্ত করা হবে এবং তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হবে। যাদের উদ্দেশ্যপ্রণোদিতভাবে মামলায় জড়ানো হয়েছে, তাদের বিষয়ে আইনি প্রক্রিয়ায় নিষ্কৃতির সুপারিশও করা হবে।

যাচাই প্রক্রিয়া কতদিনে শেষ হবে এ বিষয়ে মন্ত্রী জানান, সর্বোচ্চ এক মাসের মধ্যে তালিকা পাঠানোর জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয়েছে। কোনো জেলায় বিলম্ব হলে তা ন্যায্যতার ভিত্তিতে বিবেচনা করা হবে।

প্রক্রিয়া সম্পর্কে তিনি বলেন, প্রথমে তালিকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসবে, পরে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। সেখানে আইনমন্ত্রীর নেতৃত্বে গঠিত কমিটি যাচাই করে যেসব মামলা প্রত্যাহারের উপযুক্ত মনে করবে, সেগুলো ফেরত পাঠালে ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় মামলা প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন

সর্বশেষ