খামেনির শেষ বিদায়ের প্রস্তুতি, কফিনে ইমাম রেজার মাজারের লাল পতাকা; কী বার্তা দিচ্ছে এই প্রতীক?
ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায়ের প্রস্তুতি শুরু হয়েছে। এ উপলক্ষে তার কফিনের ওপর মাশহাদের ইমাম রেজার মাজারের একটি লাল পতাকা রাখা হয়েছে, যা শিয়া ইসলামে গভীর ধর্মীয় ও প্রতীকী গুরুত্ব বহন করে।

এর পেছনের প্রতীকী বার্তা কী?
প্রতিবেদন অনুযায়ী, আগামী ৯ জুলাই মাশহাদের ইমাম রেজার মাজার প্রাঙ্গণে খামেনিকে দাফন করা হবে। এর আগে তেহরানসহ বিভিন্ন শহরে কয়েকদিনব্যাপী রাষ্ট্রীয় শোক ও শেষ শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।
মধ্যপ্রাচ্য ও ইসলামিক রাজনীতির গবেষক, জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক নাদের হাশেমির মতে, কফিনে রাখা লাল পতাকাটি শিয়া ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ইমাম হুসাইন ইবনে আলীর আত্মত্যাগের প্রতীক। কারবালার যুদ্ধের স্মৃতির সঙ্গে এই পতাকা গভীরভাবে যুক্ত এবং এটি ন্যায়, আত্মত্যাগ ও অবিচারের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে বিবেচিত হয়।
বিশ্লেষকদের মতে, রাষ্ট্রীয় এই প্রতীকী আয়োজনের মাধ্যমে ইরানের শাসকগোষ্ঠী খামেনির মৃত্যুকে শিয়া ঐতিহাসিক ও ধর্মীয় স্মৃতির সঙ্গে যুক্ত করে উপস্থাপন করার চেষ্টা করছে। একই সঙ্গে দেশজুড়ে শোকানুষ্ঠান ও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
সূত্র: আল-জাজিরা