বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » সারাদেশ » ময়মনসিংহ » দুর্গাপুরে ফসল বাঁচাতে গিয়ে পাহাড়ি হাতির আক্রমণে প্রাণ হারালেন আদিবাসী যুবক

দুর্গাপুরে ফসল বাঁচাতে গিয়ে পাহাড়ি হাতির আক্রমণে প্রাণ হারালেন আদিবাসী যুবক

নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ভবানীপুর সীমান্ত এলাকায় পাহাড়ি হাতির আক্রমণে প্রান্ত রাংসা (২১) নামের এক আদিবাসী যুবক নিহত হয়েছেন।

গত রাত আনুমানিক দেড়টার দিকে এই ঘটনা ঘটে। প্রান্ত রাংসা ভবানীপুর এলাকার লিপসন নকরেকের ছেলে।

দুর্গাপুর বন কর্মকর্তা মজনু প্রামাণিক জানান, ভবানীপুর এলাকাটি সীমান্তবর্তী হওয়ায় প্রায়ই এখানে হাতি নামে কৃষকের পাকা ধান খাওয়ার জন্য। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে কৃষকরা দলবদ্ধ হয়ে হাতি তাড়ানোর জন্য মাঠে অবস্থান নিয়েছিলেন। ধান পাহাড়া শেষে রাতে বাড়ি ফেরার সময় পথিমধ্যে একটি হাতির সামনে পড়ে যান প্রান্ত। এসময় প্রান্ত দৌড় দিলে হাতি তাকে তাড়া করে ধরে ফেলে এবং বুকে আঘাত করে। এতে ঘটনাস্থলে মৃত্যু হয় তার।

নিহতের পরিবারকে আর্থিক অনুদান দেয়া হবে বলে জানান এই বন কর্মকর্তা।

দূর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমেদ বুধবার বলেন, ভবানীপুর গ্রামের লিপসন নকরেক এর পুত্র প্রান্ত রাংসা মঙ্গলবার রাত আনুমানিক ১২ টার পর পাকা ধান ক্ষেত পাহাড়া দিয়ে বাড়ি ফেরার পথে বন্য হাতির আক্রমণে নিহত হয়।

এই ঘটনায় স্থানীয়দের মধ্য আতঙ্ক বিরাজ করছে।

মামুন রণবীর, নেত্রকোণা জেলা প্রতিনিধি।

আরও পড়ুন

সর্বশেষ