🏠︎ » সারাদেশ » ঢাকা » তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না’—মানসুরা আলম

তালা ভেঙে বের হলেই বিপ্লবী হওয়া যায় না’—মানসুরা আলম

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সদস্য ও ছাত্রদল নেত্রী মানসুরা আলম মন্তব্য করেছেন, শুধু তালা ভেঙে বের হলেই কাউকে বিপ্লবী বলা যায় না। মঙ্গলবার (৫ মে) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, ‘জুলাই অভ্যুত্থান’ ছিল একটি ঐতিহাসিক মুহূর্ত, যখন মেয়েদের হলের তালা ভেঙে বের হওয়াকে সারাদেশের মানুষ সমর্থন করেছিল। তার মতে, সেটি ছিল দীর্ঘদিনের দমন-পীড়নের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত প্রতিবাদ। তবে পরবর্তীতে একই ধরনের কর্মকাণ্ড বারবার ঘটলেও তা একটি নির্দিষ্ট রাজনৈতিক গোষ্ঠীর স্বার্থে ব্যবহৃত হয়েছে বলে দাবি করেন তিনি।

মানসুরা আলম বলেন, বিষয়টি এখন হাস্যকর পর্যায়ে নেমে গেছে এবং তালা ভেঙে বের হওয়াকে কেন্দ্র করে ‘বিপ্লবী’ হওয়ার ধারণা ভুলভাবে প্রতিষ্ঠিত হচ্ছে। তার ভাষায়, সময়ের সঙ্গে অনেকেই বুঝতে পারবেন যে তারা ব্যবহৃত হয়েছেন এমন উপলব্ধি ইতোমধ্যে ঢাকার শিক্ষাঙ্গনের অনেকের মধ্যেই এসেছে।

নারীদের রাজনীতিতে অংশগ্রহণ কম হওয়ার কারণ নিয়েও প্রশ্ন তোলেন এই সংসদ সদস্য। তিনি বলেন, কেন উল্লেখযোগ্য সংখ্যক নারী মনোনয়ন পান না তা বোঝার জন্য এই ধরনের প্রবণতা ও মানসিকতা বিশ্লেষণ করা প্রয়োজন। একইসঙ্গে তিনি আশঙ্কা প্রকাশ করেন, যেসব গোষ্ঠী নারীদের রাজনৈতিক অংশগ্রহণ সংকুচিত করতে চায়, তারা ভবিষ্যতেও নারীদের টার্গেট করবে।

আরও পড়ুন

সর্বশেষ