মারকাযু শাহাবুদ্দিন আল ইসলামি মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুহতামিম ও ইসলামি বক্তা রফিকুল ইসলাম মাদানী নিজের দ্বিতীয় বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন। বুধবার (৬ মে) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বিষয়টি নিশ্চিত করেন।
পোস্টে মাদানী উল্লেখ করেন, আল্লাহর ভয় এবং গোনাহ থেকে নিজেকে দূরে রাখার উদ্দেশ্যেই তিনি দ্বিতীয় বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন। তার ভাষ্য, সমাজে অনেকেই বিবাহিত হয়েও গোপনে হারাম কাজে জড়িয়ে পড়েন, কিন্তু তিনি সেই পথে না গিয়ে ইসলামের বিধানের মধ্যে থেকেই হালাল পথ বেছে নিতে চেয়েছেন।
দ্বিতীয় বিয়ের কারণে প্রথম স্ত্রীর মানসিক কষ্টের বিষয়টিও স্বীকার করেছেন তিনি। বলেন, এ সিদ্ধান্তে তার প্রথম স্ত্রী কষ্ট পাচ্ছেন যা তাকে ব্যথিত করে। দীর্ঘ সময় ধরে বিষয়টি বোঝানোর চেষ্টা করেছেন এবং আল্লাহর কাছে দোয়া করেছেন যেন পরিস্থিতি সহজ হয়। তিনি জানান, আড়াই বছরের সংসারে তাদের মধ্যে কোনো অভিযোগ ছিল না এবং তারা সুখেই ছিলেন, তবে বর্তমানে তারা একটি কঠিন পরীক্ষার মধ্য দিয়ে যাচ্ছেন।
একাধিক বিয়ের ক্ষেত্রে ইসলামী শরিয়তের শর্ত হিসেবে সমতা বা ইনসাফ বজায় রাখার বিষয়টিকে গুরুত্ব দেন মাদানী। তিনি বলেন, আল্লাহ যেন তাকে ইনসাফ করার তাওফিক দেন, যাতে কারও অধিকার নষ্ট না হয় বা কারও প্রতি অবিচার না ঘটে।
পোস্টের শেষ অংশে তিনি নিজের দুই পরিবারের জন্য সবার কাছে দোয়া কামনা করেন এবং আশা প্রকাশ করেন, আল্লাহ যেন তাদের ধৈর্য ধারণের শক্তি দেন ও বিষয়টি সহজভাবে গ্রহণ করার তাওফিক দান করেন।