যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তির ইঙ্গিত দেওয়ার পর আন্তর্জাতিক বাজারে টানা দ্বিতীয় দিনের মতো কমেছে অপরিশোধিত তেলের দাম।
বুধবার (৬ মে) Reuters-এর প্রতিবেদনে জানানো হয়, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১.৬৯ ডলার বা ১.৫ শতাংশ কমে ১০৮.১৮ ডলারে নেমেছে। এর আগের দিনও প্রায় ৪ শতাংশ দরপতন হয়েছিল। একইভাবে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১.৬৭ ডলার বা ১.৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ১০০.৬০ ডলারে।
মঙ্গলবার ট্রাম্প জানান, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিরাপদ রাখতে যুক্তরাষ্ট্র যে অভিযান চালাচ্ছিল, তা সাময়িকভাবে স্থগিত করা হবে। তিনি বলেন, ইরানের সঙ্গে একটি সম্ভাব্য সমঝোতার দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র, যদিও এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি। এ নিয়ে ইরানের পক্ষ থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
তবে বাজারে অনিশ্চয়তা এখনো পুরোপুরি কাটেনি। বিশেষজ্ঞদের মতে, সম্ভাব্য চুক্তি হলেও সরবরাহ স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় লাগতে পারে।
এদিকে ট্রাম্প জানিয়েছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ অব্যাহত থাকবে। এই অবরোধের কারণে বৈশ্বিক বাজারে সরবরাহ সংকুচিত হওয়ায় গত সপ্তাহে ব্রেন্ট তেলের দাম ২০২২ সালের মার্চের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে চলমান উত্তেজনার প্রভাবে বৈশ্বিক তেলের মজুতও কমে এসেছে। উৎপাদন ঘাটতি পূরণে শোধনাগারগুলো চাপের মুখে রয়েছে।
বাজার সূত্রে জানা গেছে, যুক্তরাষ্ট্রে টানা তৃতীয় সপ্তাহে অপরিশোধিত তেলের মজুত কমেছে। ১ মে শেষ হওয়া সপ্তাহে মজুত কমেছে প্রায় ৮.১ মিলিয়ন ব্যারেল। একই সময়ে পেট্রোলের মজুত কমেছে ৬.১ মিলিয়ন ব্যারেল এবং অন্যান্য জ্বালানি তেলের মজুত কমেছে ৪.৬ মিলিয়ন ব্যারেল।