বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, বুধবার, ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » আইন ও বিচার » মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

মনিরা শারমিনের মনোনয়ন বাতিলে হাইকোর্টের রুল

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন-এর মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না—তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

বুধবার (৬ মে) বিচারপতি রাজিক আল জলিলের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ মনিরা শারমিনের দায়ের করা রিটের প্রাথমিক শুনানি নিয়ে এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান, অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু এবং অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম শাহীন।

এর আগে গত ৪ মে একই বিষয়ে দায়ের করা রিট শুনতে অপারগতা প্রকাশ করেন বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের আরেকটি বেঞ্চ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত প্রথমে রিটার্নিং কর্মকর্তা দেন, যা পরবর্তীতে বহাল রাখে নির্বাচন কমিশন (ইসি)। ওই সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়।

এদিকে, একই দিনে নুসরাত তাবাসসুম-কে শপথ পাঠ করানো হয়েছে। এর মাধ্যমে সংরক্ষিত নারী আসনের ৫০ জন সংসদ সদস্যের শপথগ্রহণ সম্পন্ন হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ