ময়মনসিংহের গফরগাঁও উপজেলার যশোরা ইউনিয়নের (যশরা পাথরকাটা) গ্রামের মজিবুর রহমানের নেতৃত্বে তার দুই ছেলে রুমান মিয়া, রিমন মিয়া এবং তার ভাতিজা শামিম ও তামিম ক্ষমতার অপব্যবহার করে নিরীহ ওয়ারেজ মিয়ার সম্পত্তি জোরপূর্বক দখলের পাঁয়তারা চালিয়ে যাচ্ছে।
গত ০৩/০৫/২০২৬ ইং তারিখে ওয়ারেজ মিয়া শিবগঞ্জ বিদাস উচ্চ বিদ্যালয় সংলগ্ন তার টিনশেড ঘর ভেঙে দালান নির্মাণের জন্য মিস্ত্রি নিয়ে গেলে, মজিবুর রহমানের নেতৃত্বে তার ছেলে ও ভাতিজারা সহ একদল সন্ত্রাসী বাধা প্রদান করে।
ওয়ারেজ মিয়া তাদের কাছে এর কারণ জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে তাকে মারধর শুরু করে। ওয়ারেজের চিৎকার শুনে তার শ্যালক আফজাল হোসেন এবং তার ভাতিজা এনামুল হক এগিয়ে এলে তাদেরকেও লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে আফজাল হোসেন ও এনামুল হক গুরুতর আহত হন।

পরে এলাকাবাসী এসে তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। বর্তমানে তারা সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় ওয়ারেজ মিয়া বাদী হয়ে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। বিষয়টি নিয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ আসম আতিকুর রহমানের সাথে কথা বললে তিনি জানান, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং এসআই কবিরকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মতিউর রহমান মতি
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ