বৃহস্পতিবার, ২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১৪ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
🏠︎ » বাংলাদেশ » অপরাধ » আওয়ামী আমলের অস্ত্রের লাইসেন্স যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী আমলের অস্ত্রের লাইসেন্স যাচাই হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময়ে দেওয়া অস্ত্রের লাইসেন্সগুলো যাচাই-বাছাই করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদ। বুধবার (৬ মে) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের সঙ্গে মতবিনিময় শেষে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত রাজনৈতিক ও দলীয় বিবেচনায় অনেক অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে। এসব লাইসেন্স ফেরত না দিয়ে সেগুলো যাচাই-বাছাইয়ের জন্য জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে লাইসেন্সকৃত অস্ত্র জমা নেওয়া হলেও এখনও সেগুলো ফেরত দেওয়া হয়নি। দ্রুত ফেরত দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নির্বাচনের আগে নির্দেশনা থাকা সত্ত্বেও প্রায় ১০ হাজার লাইসেন্সকৃত অস্ত্র জমা না পড়ায় সেগুলো উদ্ধারে ব্যবস্থা নিতে বলা হয়েছে এবং সংশ্লিষ্ট লাইসেন্সধারীদের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দেওয়া হয়েছে।

২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া মামলাগুলো যাচাই করে এক মাসের মধ্যে তালিকা মন্ত্রণালয়ে পাঠাতে বলা হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, এসব মামলা সরাসরি নিষ্পত্তি না করে আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে। যেসব মামলার গুরুত্ব রয়েছে, সেগুলো চলমান থাকবে এবং বাকিগুলো প্রত্যাহারের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এছাড়া অনলাইন জুয়া ও মাদকবিরোধী অভিযান জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। কোরবানির হাট প্রসঙ্গে মন্ত্রী বলেন, সড়ক ও মহাসড়কের পাশে পশুর হাট বসতে দেওয়া হবে না। ঈদের সময় ফেরিতে যানবাহন ওঠানামার সময় যাত্রীদের নামিয়ে দেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ