🏠︎ » খেলাধুলা » ক্রিকেট » লন্ডনে আইসক্রিম হাতে পাপন, ভাইরাল ছবিতে নেটদুনিয়ায় আলোচনা

লন্ডনে আইসক্রিম হাতে পাপন, ভাইরাল ছবিতে নেটদুনিয়ায় আলোচনা

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সাবেক সভাপতি নাজমুল হাসান পাপন-কে নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে সামাজিক মাধ্যমে। লন্ডনের রাস্তায় বসে আইসক্রিম খাওয়ার একটি ছবি ভাইরাল হওয়ার পর ভক্ত-সমর্থকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

মঙ্গলবার মধ্যরাতে ওলিউল্লাহ নোমান নামে এক ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিটি পোস্ট করেন। এরপরই সেটি দ্রুত ছড়িয়ে পড়ে বিভিন্ন প্ল্যাটফর্মে। এক সময়ের প্রভাবশালী ক্রিকেট প্রশাসককে এমন সাধারণ মুহূর্তে দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেছেন, আবার কেউ কেউ ভিন্নভাবে মন্তব্য করছেন।

এর আগেও পাপনের প্রবাসজীবনের বিভিন্ন ছবি ভাইরাল হয়েছে। কখনও লন্ডনের সুপারশপে, আবার কখনও শহরের রাস্তায় হাঁটতে দেখা গেছে তাকে। প্রায় দুই বছর ধরে দেশের বাইরে অবস্থান করছেন তিনি।

উল্লেখ্য, ২০১২ সালে বিসিবির সভাপতি নির্বাচিত হন নাজমুল হাসান পাপন এবং টানা দীর্ঘ সময় দায়িত্ব পালন করেন। পাশাপাশি তিনি তৎকালীন আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্যও ছিলেন। তবে ২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর তার বিসিবি অধ্যায়ের সমাপ্তি ঘটে। একই বছরের ২১ আগস্ট লন্ডন থেকেই তিনি পদত্যাগপত্র জমা দেন।

পাপনের বিদায়ের পর বিসিবিতে একাধিক পরিবর্তন আসে। ফারুক আহমেদ কিছু সময় সভাপতির দায়িত্ব পালন করেন। পরে আমিনুল ইসলাম বুলবুল বিসিবি প্রধান হিসেবে দায়িত্ব নেন। সর্বশেষ জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) পরিচালনা পর্ষদ ভেঙে অ্যাডহক কমিটি গঠন করে, যার সভাপতি হয়েছেন তামিম ইকবাল।

আরও পড়ুন

সর্বশেষ