🏠︎ » সারাদেশ » চট্টগ্রাম » মুক্তিপণে ফিরলেন কক্সবাজারের ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

মুক্তিপণে ফিরলেন কক্সবাজারের ঈদগড়ের অপহৃত ইউপি সদস্য রুস্তম আলী

কক্সবাজারের রামুতে অপহৃত হওয়ার ১৬ ঘণ্টার মাথায় রুস্তম আলী (৪১) নামের এক ব্যক্তিকে উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ এপ্রিল) রাত ৯টা ১০ মিনিটের দিকে উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।
​উদ্ধার হওয়া রুস্তম আলী রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের করলিয়া মুড়া এলাকার মো. হোছন প্রকাশ হোসেনের ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার ভোর ৫টার দিকে ঈদগাহ বাজার থেকে ঈদগড় যাওয়ার পথে ‘পানের ছড়া ঢালা’ নামক স্থানে পৌঁছালে অজ্ঞাতনামা একদল অপহরণকারী রুস্তম আলীকে তুলে নিয়ে যায়। ঘটনার পরপরই বিষয়টি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​অপহরণের খবর পেয়ে কক্সবাজারের পুলিশ সুপার এ.এন.এম সাজেদুর রহমানের নির্দেশনায় দ্রুত অভিযানে নামে পুলিশ। রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়ার নেতৃত্বে থানা পুলিশ ও ঈদগড় পুলিশ ফাঁড়ির একাধিক আভিযানিক দল দিনভর ঈদগড় ও রশিদনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি অঞ্চলে চিরুনি অভিযান পরিচালনা করে।
​অবশেষে পুলিশের সাঁড়াশি অভিযানের মুখে টিকতে না পেরে অপহরণকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। রাত সোয়া ৯টার দিকে রশিদনগর পানিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাকে উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
​রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম ভুইয়া জানান, ভিকটিমকে উদ্ধার করার পর রাতেই তার পরিবারের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়েছে। অপহরণকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

তানিম হোসেন ইমন, কক্সবাজার

আরও পড়ুন

সর্বশেষ